অনলাইন ডেস্ক।।
চুক্তি অনুযায়ী ভারত থেকে বাংলাদেশে টিকা রপ্তানির বিষয়ে ভালো কিছু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
রবিবার সকালে ভারতে যাওয়ার পথে আখাউড়া স্থলবন্দরে দুই দেশের সীমান্তের শূন্যরেখায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
দোরাইস্বামী বলেন, ভারতে কভিড টিকার উৎপাদন বেড়েছে। আমাদের নিজ দেশেও চাহিদাও বেড়েছে।
‘এর মধ্যে ভারতে উৎপাদিত টিকা যেন দ্রুত সময়ের বাংলাদেশকে দেওয়া যায়, এ বিষয়ে আলোচনা করতে দিল্লি যাচ্ছি। আশা করি, দ্রুত সময়ের মধ্যে ভালো কিছু হবে’ যোগ করেন তিনি।
এ সময় ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আখাউড়া-আগরতলা রেললাইনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। কভিড পরিস্থিতির কারণে মাঝে কিছুটা বিলম্ব হচ্ছে।’
তবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই রেলপথের কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দোরাইস্বামী আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবসা-বাণিজ্য বাড়ছে। এ ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা জরুরি। এ জন্য সড়ক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে দুই দেশ যৌথভাবে কাজ করছে।
তিনি বলেন, বর্তমান আখাউড়া থেকে আশুগঞ্জ চার লেন মহাসড়কের নির্মাণকাজ চলমান আছে। এই কাজগুলো শেষ হলে দু’দেশের অর্থ-বাণিজ্যে ব্যাপক পরিবর্তন আসবে। এতে দুই দেশ লাভবান হবে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.