অনলাইন ডেস্ক।।
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি ভ্যাকসিনের দুই ডোজের কোর্স শেষ করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবী।
বিবিসির বার্মিজ সংস্করণকে আইনজীবী এই তথ্য নিশ্চিত করলেও ঠিক কখন, কোন ভ্যাকসিন নিয়েছেন সেটি জানাননি।
মিয়ানমারে গত কয়েক মাস ধরে সংক্রমণ বাড়ছে। ৫৪ মিলিয়ন মানুষের দেশে মাত্র ২.৮ শতাংশ মানুষ টিকা পেয়েছেন।
৭৬ বছর বয়সী সু চির সম্পর্কে খুব একটা তথ্য দিচ্ছে না দেশটির সেনাবাহিনী। সেই ফেব্রুয়ারি থেকে তিনি আটক অবস্থায় দিন পার করছেন। মাঝে মাঝে আদালতে তোলা হচ্ছে। তখন তার আইনজীবীরা দেখা করছেন।
মিয়ানমারে গত মঙ্গলবার রেকর্ড ৩ হাজার ৬০২ জন নতুন রোগটিতে আক্রান্ত হয়েছেন।
দেশটি চেষ্টা করছে ভারত থেকে ভ্যাকসিন নেয়ার। পাশাপাশি চীনকেও তারা ভ্যাকসিনের জন্য অনুরোধ করেছে।
মিয়ানমারের সেনাবাহিনীর দাবি, দেশটির গত বছর নভেম্বরের নির্বাচনে জালিয়াতি করা হয়েছে। আর এই অভিযোগে সু চিকে গ্রেপ্তার করা হয়।
ওই নির্বাচনে জয়লাভ করে সু চির দল ন্যাশনাল লিগ আর ডেমোক্রেসি (এনএলডি)। তবে সু চিকে গ্রেপ্তার করে জোরপূর্বক ক্ষমতা দখল করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে বিশৃঙ্খলা তৈরি করে জান্তা সরকার।
এরপর থেকে সু চির মুক্তির দাবিতে রাস্তায় নামা প্রতিবাদীদের দমন করতে সেনাবাহিনী নৃশংসতার পথ বেছে নেয়। আন্দোলনে এখন পর্যন্ত ৮০০’র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
এএফপি জানিয়েছে, মোট ৬ হাজার ৪২১ জনকে বন্দি করে জান্তা সরকার।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.