অনলাইন ডেস্ক |
ভারত বায়োটেকের তৈরি ৪০ লাখ কোভ্যাক্সিন কেনার ব্যাপারে ছাড়পত্র দিয়েছে ব্রাজিল সরকার। এনডিটিভি জানিয়েছে, কয়েকটি শর্তের ভিত্তিতে এই টিকা আমদানি করবে দেশটি।
এর আগে এক বার কোভ্যাক্সিন কেনা নিয়ে আপত্তি তুলেছিল লাতিন আমেরিকার এই দেশ। বলা হয় উৎপাদনের নির্দিষ্ট মানদণ্ড (গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস বা জিএমপি) মানেনি ভারত বায়োটেক, সেই কারণে টিকা আমদানি সম্ভব নয়। পরে সেই শর্ত মেনে টিকা তৈরি করায় আপাতত ৪০ লাখ কোভ্যাক্সিন কিনছে তারা।
পাশাপাশি তারা কিনছে রাশিয়ার টিকা স্পুটনিক ভি-ও। প্রাথমিকভাবে এই টিকা পাওয়ার পর সেগুলো প্রয়োগ করে দেখা হবে। তার ফল বিচার করে পরবর্তী টিকা আমদানির বরাত দেবে ব্রাজিল।
ব্রাজিল সরকারের স্বাস্থ্য বিষয়ক নজরদারি কমিটির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘নিয়ন্ত্রিত ব্যবহারের জন্য ব্রাজিল ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন আমদানি করতে পারবে। প্রাথমিকভাবে ৪০ লাখ টিকা আমদানি করা হবে। নিয়ন্ত্রিত ব্যবহার হবে এই টিকার। সরকারের বিশেষ কমিটির আলোচনায় শুক্রবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
বছরের দ্বিতীয় ও তৃতীয় অর্ধে ২ কোটি টিকা সরবরাহের বিষয়ে ২৬ ফেব্রুয়ারি ব্রাজিল সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয় ভারত বায়োটেক। তার পরেই সংস্থার জিএমপি নিয়ে সমস্যা দেখা দেয়।
সেই সমস্যা দূর করে ভারত বায়োটেক ফের টিকা রপ্তানির আবেদন জানায়।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.