চীনের সিনোফার্ম থেকে আসা ৫ লাখ ডোজ টিকা আগামী সপ্তাহ থেকে প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ২৫ অথবা ২৬ তারিখ থেকে এই টিকা দেওয়ার কার্যক্রম শুরু করতে পারব। সেই পরিকল্পনা মোটামুটি দাঁড় করানো হয়েছে।
মন্ত্রী আরও বলেন, টিকা নিয়ে ভালো খবর খুব শিগগিরই আসবে। আমরা টিকা নিয়ে অনেক দেশের সঙ্গে কথা বলছি। অনেক জায়গায় ভালো অগ্রগতি হয়েছে। ফাইনাল হলে আপনারা জানতে পারবেন। ভালো খবর সামনে আপনাদের আমরা দিতে পারব।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এখনও দেশীয় কোনো প্রতিষ্ঠানকে চীনের সিনোফার্মের টিকা তৈরির অনুমোদন দেওয়া হয়নি। এখন আমাদের চেষ্টা থাকবে টিকা ক্রয় করে মানুষকে দেওয়ার। এটাই সবচেয়ে তাড়াতাড়ি হবে। টিকা তৈরি করার সময়ের ব্যাপার। আমি মনে করি খুব তড়িৎ গতিতে টিকা তৈরি করা সম্ভব নয়, যদি এক্সিস্টিং কোনো ফ্যাসিলিটিজ থাকে; আর ফ্যাসিলিটিজ না থাকলে আরও বেশি সময় লাগবে।
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. লোকমান হোসেন, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা এবিএম খুরশীদ আলম এ সময় উপস্থিত ছিলেন।
চীন থেকে পাওয়া উপহারের টিকা বিভিন্ন মেডিকেল, নার্সিং শিক্ষার্থী এবং মেডিকেল টেকনোলজিস্টদের দেওয়া হবে বলে স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যে জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.